কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় সোমবার (১৬ ফেব্রয়ারী) বিকাল চার টায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম। কেশবপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়। কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী প্রভাষক মোঃ জাকির হোসেন।
সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা । সভাপতির বক্তব্যে রেকসোনা খাতুন বলেন,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি দিবস উদযাপন নয়, এটি আমাদের জাতিসত্তা, ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসাই একটি জাতির শক্ত ভিত্তি। আগামী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এ দিবসের কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী মেশকাতুল ইসলাম বলেন,মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার পথচলা শুরু হয়েছিল। ভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরিতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সেই ঐতিহাসিক দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।
তিনি তরুণ সমাজকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার পাশাপাশি শুদ্ধ ভাষা চর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত কর্মকর্তারা দিবসটি উপলক্ষে নির্ধারিত কর্মসূচির সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন। সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেশবপুর উপজেলায় বর্ণাঢ্য ও অর্থবহ আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের প্রত্যয় ব্যক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।