দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটের অধ্যাপক মোঃ গোলাম কাদেরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

26

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ গোলাম কাদেরের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ অধ্যাপক মোঃ গোলাম কাদেরের দীর্ঘ কর্মজীবনের অবদান ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় অভিজ্ঞ শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক গোলাম কাদেরের কর্মজীবনের অভিজ্ঞতা, আন্তরিকতা ও অবদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী অধ্যাপকের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী বক্তব্যে অধ্যাপক মোঃ গোলাম কাদের কুয়েটে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি বিভাগের সহকর্মী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কুয়েটের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতি ও অভিজ্ঞতা সবসময় তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মোঃ গোলাম কাদেরের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, প্রজ্ঞা, পেশাদারিত্ব ও অনুপ্রেরণাদায়ী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নে তাঁর অবদান সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।