কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা
জনগণের চাহিদা ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় জনগণের চাহিদা, মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির উদ্যোগে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান।
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর হবে। এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে হবে।
কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন ও আলোচনা করেন হেলভেটাস এনাবেল প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার প্রতিভা বিকাশ সরকার। তিনি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ, এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক দেবদাস সরকার, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, আবুল কালাম শেখ, শফিকুল ইসলাম সানা, শাহানারা জামাল, মির্শিদা আক্তার, উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন সিএসও কমিটির মিজানুর রহমান লিটন, সাবানা আক্তার ও বাস্তনী মুন্ডা প্রমুখ।
কর্মশালায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা, জনগণের মতামতের প্রতিফলন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রতিটি ওয়ার্ডের পৃথক পরিকল্পনা পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে একটি সমন্বিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, স্থানীয় সমস্যা নিরসন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।