দৈনিক খুলনা
The news is by your side.

ঈদ উপলক্ষে কেশবপুরে অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

3

 

 

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোর-০৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার কেশবপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ একটি আনন্দের উৎসব—এই আনন্দে যাতে কেউ বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির মাওলানা রিজাউল ইসলাম, যশোর জেলা জামায়াতের তিন সদস্য, খুলনা মহানগরের সাবেক ছাত্রশিবির সভাপতি ও ঢাকা কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাঈদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর পৌর শাখার আমির প্রভাষক জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।