দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ নয়, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ইসির হাতে: ড. ইউনূস

281

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরে বিবিসি ইংরেজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (২১ জুন) সাক্ষাৎকারটির প্রধান অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নির্বাচন কমিশনের এখতিয়ার। ইসি চাইলে দলটিকে নির্বাচন থেকে বাদ দিতে পারে বা অংশগ্রহণে অনুমোদন দিতে পারে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং জনগণের অংশগ্রহণ। ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটাই হবে প্রকৃত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে কীভাবে দেশে আনা হবে—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, বিচার শুরু হয়েছে। তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনি পদ্ধতি অনুসরণ করা হবে। তবে জোর করে আনার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবে।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে চায় কিনা, সেটাও ভোটেই নির্ধারিত হবে।