দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান

105

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

অবস্থানকারীরা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আখ্যায়িত করে তাদের বিচার এবং দলটিকে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছেন। কর্মসূচিতে অংশ নিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও।

সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‍্যাব। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় সাধারণ মানুষ ও যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত হচ্ছে।

অবস্থানে উপস্থিত রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমীন, আব্দুল কাদের, ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ আহসান, জুলাই ঐক্যের এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ প্রমুখ।

এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।”