দৈনিক খুলনা
The news is by your side.

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত

36

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম।

তাসনিমের প্রতিবেদনে ইরানের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে সাতটি শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ওই সূত্র আরও জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হয়েছে। বরং ভবিষ্যতে প্রণালিটি পুনরায় চালুর ভিত্তি তৈরি হয়েছে। এটি চালু করার বিষয়টি পুরোপুরি যুক্তরাষ্ট্রের তেহরানের শর্ত পূরণের ওপর নির্ভর করছে।

ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা, হুমকি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করলে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করবে তেহরান। তিনি আরও জানিয়েছিলেন, ইরান ও ওমান প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নতুন পথ নিয়ে সমঝোতায় পৌঁছেছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশকারী বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি জলসীমার মধ্য দিয়ে একটি পথ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে ইরান-ওমানের এই সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে হরমুজ প্রণালি খুলে দেবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার নিয়ে উদ্বেগ বেড়েছে। তথ্যসূত্র: তাস, তাসনিম, রয়টার্স