দৈনিক খুলনা
The news is by your side.

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় প্রশাসন: চবি উপাচার্য

31

চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং এর পূর্ণ স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। তবে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা ও ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “অনেকে বলেন প্রশাসন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। সাংবাদিকতা সমাজের দর্পণ। দর্পণটি যদি ময়লাযুক্ত বা ভাঙা হয়, তাহলে সমাজের চিত্রও বিকৃতভাবে প্রতিফলিত হবে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিক সমিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্কই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির অন্যতম ভিত্তি। সাংবাদিকদের প্রতি তিনি সমাজের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অন্যায় ও অসঙ্গতিগুলোও দায়িত্বশীলভাবে প্রকাশের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধান এবং ইতিবাচক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ফল উৎসব বাঙালির ঐতিহ্যের অংশ। গঠনমূলক ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. আতিয়ার রহমান, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চবিসাসের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো চিফ ওমর ফারুক এবং দর্শন বিভাগের প্রভাষক মীর হোসেন মজুমদার।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ, সমসাময়িক গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন মৌসুমি ফলের আয়োজন করা হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।