দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় শিল্প বিকাশে সকল বাধা দূর করার আশ্বাস জেলা প্রশাসকের

24

সাতক্ষীরা :

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর সার্বিক কার্যক্রম পরিদর্শন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং শিল্পনগরী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিসিক শিল্পনগরী পরিদর্শনকালে জেলা প্রশাসককে বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনের সময় তিনি শিল্পনগরীর বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ঘুরে দেখেন। বিশেষ করে ‘সুন্দরবন এগ্রো’র মধু প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ‘এক্সিমকো ভেট ফার্মা’সহ কয়েকটি উল্লেখযোগ্য শিল্প ইউনিট পরিদর্শন করেন তিনি। এ সময় উৎপাদিত পণ্যের মান ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে শিল্পনগরী চত্বরে পরিবেশ সুরক্ষায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক।

পরে জেলা প্রশাসক মিস কাউসার আজিজের সভাপতিত্বে বিসিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিক সাতক্ষীরা জেলা কার্যালয়ের ডেপুটি ম্যানেজার গৌরব দাস, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেনসহ স্থানীয় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিল্প মালিকেরা বিসিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, শিল্পনগরীতে একটি ডেডিকেটেড ‘শিল্প পুলিশ ফাঁড়ি’ স্থাপন এবং সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

শিল্প উদ্যোক্তাদের বক্তব্য ও সমস্যাগুলো শুনে জেলা প্রশাসক সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “শিল্পই হচ্ছে অর্থনীতির প্রধান চাকা। শিল্পকারখানা সচল থাকলে অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির গতি সঞ্চার হবে।”

তিনি আরও বলেন, বিসিক শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।