দৈনিক খুলনা
The news is by your side.

“সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার”

35
সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর এলাকায় একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ৮টার দিকে সঞ্জিব বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গভীর রাতে স্থানীয়রা তার নিজস্ব মাছের ঘেরে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্যত্র সঞ্জিবকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে তার মরদেহ মাছের ঘেরের সামনে ফেলে রেখে যায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।