ঢাকা :
শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এ কথা জানান।
মোহাম্মদ আবুল কালাম বলেন, “আজকের সভায় প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে আগামীকাল থেকেই উন্নতি দেখতে পাব।”
তিনি বলেন, মিল-কারখানা ও ফ্যাক্টরিগুলোর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসসংকটসহ নানা প্রশাসনিক ও বাণিজ্যিক সমস্যা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পেট্রোবাংলা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ দেশের প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।