যশোর :
কৃষিকে আরও সমৃদ্ধ, পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে যশোরের শার্শায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬।
বুধবার (১৭ জুন) উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শার্শার উদ্যোগে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) সমর্থিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমরেন বিশ্বাস এবং সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব।
অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষি উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং বিভিন্ন ফিল্ড স্কুলের কার্যক্রম উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজকরা জানান, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং কৃষি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দীপক কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা নূর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।