মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অসচ্ছল কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার এবং আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ৩ হাজার ২২০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা, সাড়ে ৬ টন আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি সার এবং ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে।
তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আমন মৌসুমে আবাদ বৃদ্ধি করতে এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকেও আরও বেগবান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের বিতরণকৃত বীজ, সার ও গাছের চারা যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।