দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে নকল ডারবি সিগারেট উদ্ধার: ৩ জনের বিরুদ্ধে মামলা

19

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মোরেলগঞ্জ থানায় মামলাটি করা হয়।

মামলার বাদী হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ওরফে ভদ্দরকে। অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির কর্মচারী মনির বয়াতী ও মজিবর শেখ।

এজাহার সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪৩ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের চোরাই মালামালও উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাম উত্তম জানান, ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নকল সিগারেট ও অন্যান্য আলামতের বিষয়ে অধিকতর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।