মোংলা :
বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোডেকের অগ্রযাত্রা প্রকল্পের আওতায় শনিবার উপজেলার কাইনমারী ও কানাইনগর এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, আশপাশের খোলা জায়গা এবং নালা-নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, কোডেক অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, স্থানীয় বিএনপি নেতা নজরুল হাওলাদার, প্রকল্প সুপারভাইজার মোতালেব শেখ, পরিচ্ছন্নতাকর্মী সবুজ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রকল্পের কর্মকর্তারা।
এর আগে কোডেক অগ্রযাত্রা শিশু কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
কোডেক অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, কোডেকের অগ্রযাত্রা প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা ও দীর্ঘদিন পানি জমে থাকার কারণে মশার প্রজনন বাড়তে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হলে এলাকার পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করবে।
মাসব্যাপী এ অভিযানের আওতায় চাঁদপাই ইউনিয়নের কানাইনগর, চাঁদপাই, দক্ষিণ কাইনমারী, মিঠাখালী ইউনিয়নের নীতাখালী ও গোয়ালীরমেট, চিলা ইউনিয়নের কলাতলা, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিঠাখালী খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়, মিঠাখালী শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয় এবং চাঁদপাই মেছেশাহ মাধ্যমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।