দৈনিক খুলনা
The news is by your side.

মেহেরপুরে ৪ কেজি স্বর্ণসহ আটক ২

27

মেহেরপুরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো পাচারের সময় তাদের আটক করা হয়।

 

রোববার (১ নভেম্বর) দুপুরে নাজিরাকোনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

 

আটক ব্যক্তিরা বলেন: মুজিবনগর থানার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল ইসলাম (৫০) ও একই গ্রামের মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

 

বিজিবির সূত্রে জানা যায়, বেলা একটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১১০-এর কাছে দুজন ব্যক্তি স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নাজিরাকোনা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শামীমুর রহমান। কৌশলগত অবস্থানে থেকে নজরদারির সময় দুজনকে সীমান্তমুখে যেতে দেখলে তাদের থামতে বলা হয়। এ সময় ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করেন বিজিবি সদস্যরা। ব্যাগে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৪ কেজি।

 

আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা এবং উদ্ধার করা স্বর্ণ ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানিয়েছেন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।