দৈনিক খুলনা
The news is by your side.

মাদক ও জুয়া সংক্রান্ত আইনের কার্যকর ও শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে- আইনমন্ত্রী

12

সুশাসন প্রতিষ্ঠার পথে যে কোনো অন্তরায় দূর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের সেবায় বর্তমান সরকার বিশ্বাসী।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্ট বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের কার্যকর ও শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।