দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল বন্দরে দেড় কোটি টাকার ঘোষণাবহির্ভূত পণ্য আটক

28

যশোর:

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্সের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বন্দরের ২৬ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘আইআরএম’ (ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট) টিম জানতে পারে, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল ঘোষণা দিয়ে ভারত থেকে ভিন্ন পণ্য আমদানি করেছে। পরে শেডে সংরক্ষিত চালান পরীক্ষা করে ঘোষণার সঙ্গে অসঙ্গতি পাওয়া যায়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি এবং ৯৬০ কেজি ফেসওয়াশ ক্রিম। কাস্টমসের প্রাথমিক হিসাবে এসব পণ্যের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্য আমদানি করলে তা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্ব ফাঁকির অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলাও করা হয়েছে।