দৈনিক খুলনা
The news is by your side.

বাজেট ঘাটতি পূরণে স্থানীয় আয় বৃদ্ধি ও ধনীদের করের আওতায় আনার পরামর্শ এমপি আবুল কালাম আজাদের

46

খুলনা :

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমান অনেকাংশে জাতীয় বাজেটের ওপর নির্ভরশীল। তবে প্রস্তাবিত বাজেটে বিপুল ঘাটতি পূরণের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় তা বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

শনিবার (১৩ জুন) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “বাজেট ভাবনা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল কালাম আজাদ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যেখানে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এছাড়া কর থেকে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন নিয়েও শঙ্কা রয়েছে।

তিনি বলেন, বার্ষিক আয়ের ওপর করের হার কিছুটা কমিয়ে আনলে করদাতার সংখ্যা বাড়তে পারে এবং এর মাধ্যমে রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাজেট ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে নতুন আয়ের খাত সৃষ্টি এবং দেশের ধনী ব্যক্তিদের করের আওতায় আনা প্রয়োজন বলেও তিনি মত দেন।

সুন্দরবনের সম্ভাবনার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সুন্দরবনের মধু বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার রাজস্ব আয় সম্ভব। একইভাবে স্থানীয় পর্যায়ে নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করা গেলে বাজেট বাস্তবায়ন সহজ হবে।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলা, মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন এবং বিনোদন কেন্দ্র নির্মাণের মতো উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।