দৈনিক খুলনা
The news is by your side.

“বাগেরহাট জেলা হাসপাতালে আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন কর্মীরা”

31

 বাগেরহাট:

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের আপাতত যোগদান করানো হবে না—হাসপাতাল কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আউটসোর্সিং কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী কর্মীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নতুন নিয়োগপ্রাপ্তদের আপাতত কাজে যোগদান করাবে না বলে আশ্বাস দেওয়ায় তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন। তবে ভবিষ্যতে নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান করানো হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

তাদের আরও দাবি, পুরোনো আউটসোর্সিং কর্মীদের পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান সহকারী মোহিতুর রহমানের কক্ষ তালাবদ্ধ থাকবে।

আন্দোলনকারী কর্মী কার্জন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়কের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেছেন। তিনি বলেন, “স্যার আমাদের আশ্বাস দিয়েছেন, আউটসোর্সিং-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন কোনো কর্মীকে যোগদান করানো হবে না। কিন্তু এ আশ্বাস বাস্তবায়ন না হলে আমরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

তিনি আরও বলেন, বর্তমানে ৬৬ জন আউটসোর্সিং কর্মী ও তাদের পরিবার এই চাকরির ওপর নির্ভরশীল। মাসে মাত্র ১৬ হাজার ১০০ টাকা বেতন পেলেও অনেক সময় ছয় মাস পরপর বেতন পরিশোধ করা হয়। ফলে ধারদেনা করে সংসার চালাতে হয়। চাকরি হারালে পরিবারগুলো চরম সংকটে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

কার্জনের অভিযোগ, আউটসোর্সিং কর্মী নিয়োগে লিখিত, মৌখিক ও মূল্যায়ন পরীক্ষাসহ নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করা হলেও চূড়ান্ত নিয়োগে অনিয়ম হয়েছে। তার দাবি, অনেক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি পরীক্ষায় অংশ নেননি কিংবা উত্তীর্ণ হননি, অথচ যোগ্য অনেক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জটিলতা এড়াতে নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি আন্দোলনরত কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত বিষয়টির সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, “নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান আপাতত স্থগিত রাখা হয়েছে। আন্দোলনরত কর্মীদেরও কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে আন্দোলনরত কর্মীরা হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন। তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২ জুলাই) সকাল থেকে চাকরি বহালের দাবিতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আউটসোর্সিং কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন কর্মরত কর্মীদের চাকরি অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে অনিয়মের কারণে পরীক্ষায় উত্তীর্ণ অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন।