দৈনিক খুলনা
The news is by your side.

বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন

47

 

খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টায় বাকেশি প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। তিনি অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার মণ্ডল।

প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

উদ্বোধনের পর মন্ত্রীসহ অতিথিরা বাকেশির ছাদে স্থাপিত রুফটপ সোলার প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।

পরে বাকেশি ক্যান্টিন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরবিদ্যুৎ বর্তমানে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব জ্বালানি উৎস। শিল্পপ্রতিষ্ঠানের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে একদিকে বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে।

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। রুফটপ সোলার প্ল্যান্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখবে।

তিনি বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগালে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হবে। বাকেশির এ উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাকেশি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. এনামুল হক, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ) এবং বাকেশি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মসলেম উদ্দিন, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাকেশির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।