দৈনিক খুলনা
The news is by your side.

“ফকিরহাটে শিরীণ হক পাইলট বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি”

26

ফকিরহাট (বাগেরহাট)  :
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ কবীর আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক শাহিদা খাতুন, শিক্ষক মো. খায়রুল বাসার জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, “জীবন বাঁচাতে বৃক্ষের অবদান অপরিসীম। একটি গাছ মানেই এক টুকরো প্রাণ। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, গাছকে বড় করে তোলা এবং পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাধ্যমে যদি প্রতিটি পরিবারে একটি করে গাছ রোপণের সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে অল্প সময়ের মধ্যেই সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পরিবার যেন অন্তত একটি ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করে এবং সন্তানদের সেই গাছের পরিচর্যায় উৎসাহিত করে। এতে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতেও অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।