দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে খোদেজা খাতুন স্কুলে সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সভা

119

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্র।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টরা। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের অবহিতকরণ সভা গুরুত্বপূর্ণ। নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় এবং অনলাইনে সতর্কতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের কারণে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

একই সঙ্গে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।