দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, শিশুমৃত্যু প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৪১টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
তিনি জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের অপুষ্টি, অন্ধত্ব এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।