দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুই মামলা, মিন্টুর ৪ দিনের রিমান্ড

19

 খুলনা :
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় হাসান কিং (৩৫) নামে এক যুবকের গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন মিলন ইসলাম মিথুন ও পারভীন বেগম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় নিহত হাসান কিংয়ের পরিবারের সদস্যসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যায় চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে নিহত হন স্থানীয় বাসিন্দা হাসান কিং। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল হুদা মিন্টু ও তার সহযোগীরা হাসানকে পিটিয়ে হত্যা করেছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর একাংশের দাবি, হাসান দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল।

হাসান নিহত হওয়ার ঘটনায় তার বাবা মালেক সরদার বাদী হয়ে নাজমুল হুদা মিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-০৯। ওই মামলায় গত ৯ জুন মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ রয়েছে, হাসানের মৃত্যুর পর ৭ জুন রাত ও ৮ জুন ভোরে নিহতের স্বজন ও সমর্থকরা চাঁদখালী বাজারে নাজমুল হুদা মিন্টু ও তার ভাই মিলন ইসলাম মিথুনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই সঙ্গে কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোড়ল ও তার ভাই ইমরান হোসেনের বসতবাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য সোমবার দুপুরে গ্রেপ্তার নাজমুল হুদা মিন্টুকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় নাজমুল হুদা মিন্টুর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ১০ জুন আদালত থেকে কারাগারে পাঠানোর সময় নাজমুল হুদা মিন্টু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার।