দৈনিক খুলনা
The news is by your side.

নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে দাকোপে এক জেলেকে জরিমানা

45

খুলনার দাকোপ উপজেলায় পশুর নদীতে জাল ও নৌকা নিয়ে ইলিশ ধরতে নামায় মো. ওমর শেখ (২৭) নামে এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) পশুর নদীতে ইলিশ আহরণের উদ্দেশ্যে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে নামার অপরাধে তাকে এ জরিমানা করা হয়।

দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবাগাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্ত জেলে অপরাধ স্বীকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ, দাকোপ, খুলনা।

জরিমানাপ্রাপ্ত জেলে মো. ওমর শেখ (২৭)। সে বটিয়াঘাটা গ্রামের মো. নজরুল শেখের ছেলে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৮-২৯ অক্টোবর নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

অভিযানে মা ইলিশ সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।