দৈনিক খুলনা
The news is by your side.

নজরুল বর্ষ উপলক্ষে ৬৪ জেলা ও ৭৪ উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠান

11

ঢাকা : 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

রোববার (১৪ জুন) সচিবালয়ে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৩ মে ত্রিশাল-এ আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদযাপন কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রকাশ এবং স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ।

তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ উদযাপন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে গবেষণা কার্যক্রম জোরদারে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মাধ্যমে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নজরুলের আদর্শ তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, জাতীয় কবি ছিলেন সত্য, ন্যায়, সাম্য ও মানবিকতার এক আপসহীন কণ্ঠস্বর। অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক ঐক্যের বার্তা তাঁর সাহিত্য ও সংগীতের অন্যতম ভিত্তি। বর্তমান সময়েও তাঁর এই দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি বলেন, জাতীয় কবির সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং নজরুল বর্ষ সেই উদ্যোগকে আরও বেগবান করবে।