ঢাকা :
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে চারজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯০৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।