দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে নিরাপদ পানির সংকট নিরসনে জেজেএসের অ্যাডভোকেসি সভা

53

দাকোপ :

জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে উপকূলীয় খুলনার দাকোপ উপজেলায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সুপেয় পানি সংরক্ষণ ও ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণকক্ষে ‘উপকূলীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি’ (ইআরসিসি দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নিরাপদ পানির সংকট নিরসনে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। কোরিয়ার অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস এ সভার আয়োজন করে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার।

সভায় বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সমীর কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যরা। সভাটি পরিচালনা করেন জেজেএসের উপজেলা সমন্বয়কারী মো. শোয়াইব উদ্দীন। এতে প্রায় ৩০ জন উপকারভোগী অংশ নেন।

সভায় নিরাপদ পানির সংকটের কারণ, তা মোকাবিলার উপায় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বৃষ্টির পানি সংরক্ষণ বা রেইনওয়াটার হার্ভেস্টিং পদ্ধতি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে জনগণকে সচেতন করা জরুরি।