দৈনিক খুলনা
The news is by your side.

তালায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

15

সাতক্ষীরার তালা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সদস্য তালিকায় নাম না থাকা ব্যক্তিদের ঋণ প্রদান, সংশ্লিষ্ট পরিদর্শকের সম্মতি ছাড়াই ঋণ বিতরণ এবং প্রয়োজনীয় ফাইল ও ঋণ বই প্রস্তুত না করেই ঋণ ছাড়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এনায়েতপুর-১ আবর্তক সমিতির ঋণ বিতরণ কার্যক্রমে বিআরডিবির নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করা হয়নি। সমিতির সদস্য নন, এমন ব্যক্তিদেরও ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঋণ বিতরণের বিষয়ে সমিতির অনেক সদস্য ও কর্মকর্তাকে অবহিত করা হয়নি।

বিআরডিবির পরিদর্শক (মূল) সম্রাট চক্রবর্তী জানান, বিভিন্ন জটিলতার কারণে এনায়েতপুর-১ সমিতির ঋণ প্রস্তাব পূর্বে বাতিল করা হয়েছিল। তবে পরে তাকে না জানিয়ে নতুন করে ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, তার পূর্বে দেওয়া স্বাক্ষর ব্যবহার করে নথিপত্র প্রস্তুত করা হয়ে থাকতে পারে। ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় পাসবই, রেজুলেশন, শেয়ার ও সঞ্চয় জমাসহ সরকারের নির্ধারিত শর্তগুলোও পূরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রের অভিযোগ, কিছু ক্ষেত্রে পরিদর্শকের অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ করা হয়েছে। এমনকি ঋণ বিতরণের সময় প্রয়োজনীয় ফাইল ও ঋণ বইও প্রস্তুত ছিল না। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক কর্মচারী অভিযোগ করেন, তালা উপজেলা পল্লী উন্নয়ন অফিসে বিআরডিবির বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয় না। তারা দাবি করেন, বিষয়টি তদন্ত করলে আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসবে।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। যদিও অভিযোগের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিআরডিবির উপপরিচালক আরিফুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।