জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে। দুপুর ১২টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশপত্র প্রদান করে।
এই হস্তান্তরের মধ্য দিয়ে আট মাসব্যাপী ধারাবাহিক কর্মযজ্ঞের সমাপ্তি ঘটেছে। সরকারের কাছে সুপারিশপত্রের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে দেওয়া হয়।
গতকাল বিকেলে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের কাজ বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে। এই প্রক্রিয়ায় যেসব ডকুমেন্ট, আলোচনা, ছবি ও ভিডিও তৈরি হয়েছে, তা ইতিহাসের অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করতে হবে। আমরা কীভাবে ঐকমত্যে পৌঁছেছি, তা জানানো হবে গণতান্ত্রিক বিকাশের শিক্ষণীয় অধ্যায়।”