দৈনিক খুলনা
The news is by your side.

জিপিএ-৫ পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় সোয়াইব হাসান

29

বেনাপোল :

এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি যশোর শিক্ষা বোর্ডে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বেনাপোলের কৃতী শিক্ষার্থী সোয়াইব হাসান। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে মানুষের সেবা করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে চায় সে।

সোয়াইব হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে সে পেয়েছে ১ হাজার ২১৮ নম্বর। সব বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি যশোর শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান লাভ করেছে।

সোয়াইব হাসান যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বোয়ালিয়া গ্রামের মো. হাসানুজ্জামান শিমুল ও নাসরিন সুলতানার প্রথম সন্তান।

সাফল্যের অনুভূতি জানিয়ে সোয়াইব হাসান বলেন, “ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। পাশাপাশি একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখি। আমার ভবিষ্যৎ সফলতার জন্য সবার কাছে দোয়া চাই।”

সোয়াইবের মা নাসরিন সুলতানা বলেন, “আমার সন্তানের এই ভালো ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা তার শিক্ষকদের। সবার দোয়া ও ভালোবাসায় সে যেন নিজের স্বপ্ন পূরণ করে মানুষের সেবা করতে পারে—এটাই আমার কামনা।”

সোয়াইবের বাবা হাসানুজ্জামান শিমুল বলেন, “আমার প্রথম সন্তান সোয়াইব হাসান। সে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছে। একজন বাবা হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আমার সন্তানের এই সাফল্যের পেছনে যেসব শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সুস্থতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।”

সোয়াইবের পরিবার ও শিক্ষকদের আশা, তার এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ করে সে দেশের মানুষের কল্যাণে কাজ করবে।