দৈনিক খুলনা
The news is by your side.

চায়ের দোকানে বসে ছিলেন বৃদ্ধ, হেলমেট পরে এসে গুলি দুর্বৃত্তদের

26

নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা মো. জামাল উদ্দিন নামে এক বৃদ্ধকে গুলি করেছে দুর্বৃত্তরা। মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যান। এতে তার বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত জামাল উদ্দিন ঘোষকামতা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির পাশের ওই চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দারা জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফেরেন তিনি। আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল তার। এ নিয়ে সম্প্রতি এলাকায় পোস্টারও সাঁটানো হয়। তার নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের সঙ্গে গুলির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।