লায়ন্স ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশারি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আবুল কাসেম কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। কেক কাটার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।
পরে জয়খালি বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একইসঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. আওয়াল রাজ, অ্যাডভাইজার; শামীমা সুলতানা শীলু, রিজিওনাল চেয়ারপার্সন, হেডকোয়ার্টার; দিলারা নাসরীন, রিজিওনাল চেয়ারপার্সন, হেডকোয়ার্টার; এবং এস. এম. আরিফুল ইসলাম, অধ্যক্ষ, শহীদ আবুল কাসেম কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মো. কবির হোসেন, প্রেসিডেন্ট, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব।
এছাড়াও অনুষ্ঠানে খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, ক্লাব অ্যাম্বাসেডর; মদিনা মনোয়ারা, মিসেস নুরুন্নাহার, মো. শাহীন হাওলাদার, মিজান বাবু, হাকিম মতি আরা, নীল, নাফিসা ও নাঈমসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের এই দুঃসময়ে লায়ন্স ক্লাব যেভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।
খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সমাজকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।
-খবর বিজ্ঞপ্তি