বাগেরহাট :
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল শেখ (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত ব্যক্তিকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিল্লাল শেখ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল শেখ ইজিবাইক নিয়ে ফয়লা থেকে চুলকাটির দিকে যাচ্ছিলেন। চুলকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিল্লাল শেখ গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ফয়লা বাজার এলাকায় বাসটি আটক করেন। পরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটিও পুলিশ হেফাজতে রয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।