দৈনিক খুলনা
The news is by your side.

খুবির পরিবহন পুলে চালক-কর্মচারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন

43

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ও ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে পরিবহন পুলে কর্মরত চালক ও কর্মচারীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যানবাহন পরিচালনার ক্ষেত্রে চালক ও সহকারীদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা দেখার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালক ও পরিবহন সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, ভিশনস্প্রিং বাংলাদেশের এই বিনামূল্যের সেবামূলক উদ্যোগ পরিবহন চালক ও কর্মচারীদের নিরাপদ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ প্রশংসনীয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদেরও এই সেবার আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষুস্বাস্থ্য ও দৃষ্টিশক্তি সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভিশনস্প্রিং বাংলাদেশ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল। এছাড়া বক্তব্য দেন প্রকল্পের সহযোগী পরিচালক (ভিএপি) উম্মে সাউদা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উপ-প্রধান প্রকৌশলী শাহ নওরোজ, এস্টেট শাখার প্রধান এস. এম. মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় পরিবহন পুলে কর্মরত চালক ও কর্মচারীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হবে, যা নিরাপদ যানবাহন পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।