দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ১২০ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র দিলেন যশোরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম

86

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত মোট ১২০ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম । শীতার্ত গ্রাম পুলিশের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি ) সকালে কেশবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সার্কেল অফিসার ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় এবং সঞ্চালনায় ছিলেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শীত মৌসুমে তাদের কষ্ট লাঘব করতেই জেলা পুলিশের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম পুলিশদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মনিরামপুর সার্কেল অফিসার ইমদাদুল হক বলেন, গ্রাম পুলিশরা গ্রাম পর্যায়ে অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পুলিশের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভাপতির বক্তব্যে কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, গ্রাম পুলিশেরাই থানা পুলিশের সবচেয়ে বড় সহায়ক শক্তি। তাদের কষ্ট ও প্রয়োজন বিবেচনা করে জেলা পুলিশ সুপার মহোদয়ের এই মানবিক উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠান সঞ্চালনায় সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান বলেন,গ্রাম পুলিশের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকেই এই আয়োজন করা হয়েছে। আজকের এ শীতবস্ত্র বিতরণ তাদের মনোবল আরও বাড়াবে বলে আমরা আশা করি।

পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেশবপুর উপজেলার ১২০ জন গ্রাম পুলিশের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।