দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে রেসিডেনশিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের ফলাফল প্রকাশ

28

কেশবপুর রেসিডেনশিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “ফলাফল প্রকাশ –২০২৬। শনিবার (৩ জানুয়ারী) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। তিনি তার বক্তব্যে বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠতে হবে। কেশবপুর রেসিডেনশিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সেই পথই সুগম করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, মোহাম্মদ নাসির উদ্দিন এবং মোহাম্মদ আলাউদ্দিন গাজী। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষ, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে এই বিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই কেশবপুর রেসিডেনশিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল আধুনিক শিক্ষা পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা প্রদান করে আসছে। ফলাফল প্রকাশ দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষার অগ্রগতি ভাগাভাগি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন করে উদ্যম ও প্রেরণা সঞ্চার হয় বলে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।