দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা

53

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় মজিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিতি মা-বোনদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ী করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন প্রমূখ।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম ও যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ।