দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে দাঁড়িপাল্লার পক্ষে জনতার ঢল ঐক্যের বার্তায় সরব অধ্যাপক মোক্তার আলী

58

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিকেলে কেশবপুর উপজেলার ৬নং ইউনিয়নের ২৩ মাইল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করা জরুরি। সে লক্ষ্যে আগামী নির্বাচনে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজকল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম এবং কেশবপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। তাঁরা সকল নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জনসভায় সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।