যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩১ জানুয়ারি)।
ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ হাসপাতালের প্রাক্তন উপদেষ্টা, মেডিসিন বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান (কার্ডিওলজি), প্রাক্তন চীফ ফিজিশিয়ান জেনারেল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল।
কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১২০ জন রোগী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাধারণ রোগীরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।
এ বিষয়ে অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা নিলে অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। এমন উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাম্পের আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আগামীতে দুই মাস পর পর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে রোগীদের সেবা অব্যাহত রাখা হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল কুদ্দুস, সদস্য সচিব করপোরাল নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট শামছুর রহমান, করপোরাল আমিনুর রহমান, অর্থ উপদেষ্টা ল্যান্ড করপোরাল ইসমাইল হোসেন, করপোরাল আব্দুল খালেকসহ প্রমুখ।