দৈনিক খুলনা
The news is by your side.

“কেকেবিএইউর ইইই বিভাগের শিল্প শিক্ষা সফর অনুষ্ঠিত”

26

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালিত খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে একদিনের শিল্প শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপত্তা এবং শিল্প পর্যায়ের বাস্তব কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়া।

গোয়ালপাড়া, খালিশপুরে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে আয়োজিত এ সফরে ইইই বিভাগের ১৩ জন চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের নেতৃত্ব দেন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. মুঈন উদ্দিন এবং প্রভাষক মো. মেহেদী হাসান।

সফরকালে বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞ প্রকৌশলীরা শিক্ষার্থীদের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের কার্যপ্রণালি, গ্যাস টারবাইন ও স্টিম টারবাইনের পরিচালনা, জেনারেটর, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থাপনা এবং শিল্প নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি শিক্ষার্থীরা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

এ সময় ড. মো. মুঈন উদ্দিন বলেন, শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার জন্য এ ধরনের শিল্প শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং ভবিষ্যৎ কর্মজীবনের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি শিক্ষা সফর সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা, আন্তরিক আতিথেয়তা এবং মূল্যবান কারিগরি জ্ঞান বিনিময়ের জন্য খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক রক্ষণাবেক্ষণ বিভাগ) ইঞ্জি. এখলাছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ফলাফলভিত্তিক (Outcome-Based Education) প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে কেকেবিএইউর ইইই বিভাগ নিয়মিতভাবে শিল্প শিক্ষা সফর, কারিগরি সেমিনার, গবেষণা কার্যক্রম এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।