কয়রা :
কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা নামের একটি ফেসবুক পেজে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের মজিবার গাজীর ছেলে মো. আব্দুস সামাদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুস সামাদ বলেন, সম্প্রতি ‘কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে ব্র্যাকের চাকরি ছেড়ে ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, একই পেজে তাঁকে দুইবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে বলেও তথ্য প্রকাশ করা হয়েছে। এ দাবিও সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেন তিনি।
আব্দুস সামাদ অভিযোগ করেন, একটি মহল তাঁর কাছে অর্থনৈতিক সুবিধা চেয়েছিল। এতে তিনি রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি এসব প্রচারের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, তিনি কোনো ধরনের ‘মাস্টার এজেন্ট’ কার্যক্রমের সঙ্গে জড়িত নন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
একই সঙ্গে এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আব্দুস সামাদ।